সন্ধান২৪.কম : ফের সার্জিকাল স্ট্রাইকের আশঙ্কা করছে পাকিস্তান। এ জন্য সে দেশের সেনাবাহিনীকে বিশেষ ভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। আজ রাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম ।
পাক সংবাদমাধ্যমের দাবি, কৃষকদের বিক্ষোভ থেকে নজর ঘোরাতে নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানকে আক্রমণ করতে পারে। যে কোনও সময়েই সার্জিকাল স্ট্রাইক কিংবা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের সম্ভাবনা রয়েছে। এমন আশঙ্কাতেই পাক সেনাবাহিনীকে বিশেষ ভাবে সতর্ক করে দেওয়া হয়েছে । এ নিয়ে সে দেশের সেনাবাহিনী কিংবা সরকারি স্তরের কেউ মুখ না খুললেও পাকিস্তানের সেনাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে ওই খবর প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানের পক্ষে বলা হয়েছে, দেশের ভিতর ও বাইরের চাপের মধ্যে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে। ডোকলাম ও লাদাখে ‘হারের পরে’ এখন পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই ফের সীমান্তে শান্তি নষ্ট করতে চাইছে নয়াদিল্লি। সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখায় হামলা করতে চাইছে ভারত। হতে পারে সার্জিক্যাল স্ট্রাইকও।

ওই সংবাদমাধ্যমের সূত্রের দাবি, ভারতে এই মুহূর্তে কৃষকদের বিক্ষোভ চলছে, সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন— এ সব থেকে নজর ঘোরাতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। জিয়ো নিউজ বলেছে, ‘‘২০১৬ সালে কোনও প্রমাণ ছাড়াই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সার্জিকাল স্ট্রাইক করার দাবি করেছিল ভারত। ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে এমনই পদক্ষেপ করতে চেয়েছিল নয়াদিল্লি। কিন্তু তা ব্যর্থ হয়।’’


