জাতীয় দলে অভিষেক ম্যাচেই গতির ঝড় তুলে আলোচনায় চলে আসেন তাসকিন আহমেদ। কিন্তু কিছুদিন না যেতেই ইনজুরিতে ধার হারাতে থাকেন। এই তারকা। চোটের কারণেই ২০১৭ সালে বাদ পড়েন জাতীয় দল থেকে। ২০১৯ সালের বিশ্বকাপে জায়গা হয়নি।
কিন্তু এতকিছুর পরও দমে যাননি তাসকিন। অনুশীলনে নিয়মিত ঘাম ঝরিয়ে উন্নতি করেছেন ফিটনেসে। তার ধারাবাহিকতায় ফিরে পেয়েছেন পুরনো সেই গতি।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ফের ইনজুরিতে পড়েন তাসকিন। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য নিজেকে প্রস্তুতি করছেন এই তারকা পেসার।
তাসকিন বলেন, আসলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইনজুরি হতে পারে। ইনজুরি নিয়ে ভয় পেয়ে লাভ নেই, ইনজুরি হতেই পারে। যখন খেলতে নামব শতভাগ দিয়েই চেষ্টা করব।
তাসকিন আরও বলেন, ইনজুরি হলে আবার রিহ্যাব করে আবার (ফিরে) আসব। এটা হতেই পারে। এখন প্রশ্ন যদি এমন হয়, আপনি কেন বারবার ইনজুরড হন, তাহলে তো… দেশের জন্য খেলতে গিয়ে ইনজুরড হতেই পারি। হলে আবার চেষ্টা করব এইটাই।
তিনি আরও বলেন, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি, আমি সব সংস্করণেই খেলতে চাই। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন আসলে ফিট হয়ে ভালোমতো খেলার সঠিক সময়। আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস হতে চাই। এখনও আসলে ঐ সময় আসে নাই যে আমার বিশ্রাম প্রয়োজন। যদি কখনও মনে হয় না ম্যানেজ করতে পারছি না তখন, কিন্তু এখনও ঐ সময় হয় নাই৷


