‘আমি এখন চুমু খেতে পারি!’ 

সন্ধান২৪.কম :  করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও সেই বেপরোয়া  সুরই ধরে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প । করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধির তোয়াক্কা তিনি কোনও দিনই করেননি।  শেষ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরে সোমবার নির্বাচনী সভায় যোগ দিতে ফ্লরিডা গিয়েছিলেন তিনি।  অনুগামীদের উদ্দেশে উচ্ছ্বসিত গলায় সেখানে ট্রাম্প বললেন, ‘‘আমি এতটাই সুস্থ বোধ করছি যে আপনাদের চুমু খেয়ে আসতে পারি এখন!’’ 

ট্রাম্প যখন অনুগামীদের চুমু খাওয়ার কথা বলছেন, তখন ১৭টি মার্কিন প্রদেশে ফের রেকর্ড সংখ্যক সংক্রমণের খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে। ট্রাম্পের সভায় হাজির অনুগামীরাও অধিকাংশই মাস্কবিহীন! তাঁদের কাছে নিজের যুদ্ধ-জয়ের সার্টিফিকেট দিতে গিয়ে ট্রাম্প বললেন, ‘‘আমি এর মধ্যে দিয়ে গিয়েছি (করোনা সংক্রমণ), বর্তমানে চিকিৎসকেরা বলেছেন আমি নিরাপদ।’’ তাঁর মেডিক্যাল দলও প্রেসিডেন্টের সুরেই সুর মিলিয়েছেন। 

সংক্রমণ-বিপত্তির কারণে দিন দশেক প্রচার থেকে দূরে থাকার পর, সোমবার ফ্লরিডা থেকে ফের প্রচার শুরু করলেন ট্রাম্প। লকডাউনের বিরোধিতা করে বললেন, ‘‘সমস্যার থেকে সমাধান কখনওই বেশি কষ্টের হতে পারে না।’’   

 

Exit mobile version