আমেরিকায় এ বার চতুর্থ টিকা দেওয়ার ভাবনা-চিন্তা শুরু

সন্ধান২৪.কম ঃ আমেরিকায় জানুয়ারির মাঝামাঝি থেকে সংক্রমণ কিছুটা কমেছে ।  গত ২৮ দিনে ১ কোটি ৫০ লক্ষের বেশি সংক্রমণ ঘটেছে। কিন্তু তা-ও নেহাত কম নয়।

আমেরিকা কোভিড টিকার চতুর্থ ডোজ় দেওয়া শুরু করতে পারে । হোয়াইট হাউসের মুখ্য স্বাস্থ্য পরামর্শদাতা অ্যান্টনি ফাউচি এমনই ইঙ্গিত দিলেন । এ-ও জানালেন, বুস্টার ডোজ় কাদের দেওয়া হবে, তা প্রাপকদের বয়স অনুসারে বেছে নেওয়া হবে।

জানুয়ারির মাঝামাঝি থেকে সংক্রমণ কিছুটা কমেছে আমেরিকায়। কিন্তু তা-ও নেহাত কম নয়। গত ২৮ দিনে ১ কোটি ৫০ লক্ষের বেশি সংক্রমণ ঘটেছে। ৬৩ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে এই সময়ে। এখনও এ দেশে এক দিনে লক্ষাধিক করোনা-রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সাংবাদিক বৈঠকে ফাউচি বলেন, ‘‘আরও এক ধাপ বুস্টার ডোজ়ের প্রয়োজন পড়বে হয়তো। এ ক্ষেত্রে, এমআরএনএ ভ্যাকসিনের চতুর্থ ডোজ় দেওয়া হবে বয়সে দেখে। কোনও জটিল শারীরিক সমস্যা থাকলেও দেওয়া হতে পারে।’’

তৃতীয় ডোজ় দেওয়ার পরেও অতিমারি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। সাংবাদমাধ্যমের আশঙ্কা প্রকাশে ফাউচি জানান, এই কারণেই তৃতীয় ডোজ়ের পরে চতুর্থ ডোজ়ের কথা ভাবা হচ্ছে এবং সমস্যাগুলিকে খতিয়ে দেখা হচ্ছে।

অতিমারি এখনও মধ্যগগণে। গত কাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে জানানো হয়েছে, চিন্তা বাড়ানোর মতো আরও নতুন ভেরিয়েন্ট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ পর্যন্ত সর্বশেষ ভেরিয়েন্ট অব কনসার্ন ওমিক্রন। গত বছর নভেম্বরে এটি প্রথম ধরা পড়ে দক্ষিণ আফ্রিকায়। এটি সবচেয়ে সংক্রামক হলেও এর ক্ষতি করার ক্ষমতা অন্যদের থেকে কম। তাতেও ওমিক্রনের ‘ছোবলে’ গোটা বিশ্বে অন্তত পাঁচ লক্ষ মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ফাউচি। হু জানিয়েছে, ওমিক্রন আসার পরে আমেরিকায় অন্তত ১ লক্ষ মৃত্যু হয়েছে। এখনও দিনে গড়ে ২৪০০ মৃত্যু হচ্ছে আমেরিকায়। কিন্তু তা সত্ত্বেও লকডাউন চালিয়ে যেতে চায় না প্রশাসন। বাসিন্দারা তো নয়ই।

প্রশাসনিক কর্তাদের পরামর্শ ঘন ঘন করোনা পরীক্ষা করা হোক ও নিয়ম মেনে টিকা নেওয়া হোক। এক বছরের বেশি হয়ে গেল টিকাকরণ শুরু হয়েছে আমেরিকায়, কিন্তু এখনও পর্যন্ত মাত্র ৬৫ শতাংশ মানুষ কোভিড টিকা নিয়েছেন। এ দিকে, করোনা-বিধি তুলে দিতে চাইছে বহু প্রদেশ।

ইলিনয়েও মাস্ক পরার নিয়ম উঠে যাবে ২৮ ফেব্রুয়ারি থেকে। স্কুলগুলোর ক্ষেত্রে অবশ্য পুরনো নিয়মই বজায় থাকবে। ক্যালিফর্নিয়াতেও ঘোষণা করা হয়েছে, ১৫ তারিখের পর থেকে যাঁদের টিকা নেওয়া আছে, তাঁদের আর মাস্ক পরতে হবে না। ‍নিউইয়র্ক  ও নিউ জার্সিও মার্চ মাস থেকে বিধি তুলে দেওয়ার কথা ভেবেছে। ম্যাসাচুসেটসে এ মাসের পর থেকে স্কুলেও মাস্ক পরার নিয়ম থাকবে না।

 

Exit mobile version