আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় ক্যালিফোর্নিয়ার আবার ভাঙা হল মহাত্মা গান্ধীর মূর্তি।পার্কের এক কর্মীর চোখে ২৭ জানুয়ারি সকালে প্রথম এই ঘটনা ধরা পড়ে।
ক্যালিফোর্নিয়ার ডেভিস অঞ্চলের সেন্ট্রাল পার্কে শোভা পেত সাড়ে ছ’ ফুট লম্বা ৬৫০ পাউন্ড (২৯৪ কেজি) ব্রোঞ্জের মূর্তিটি। সেটিকে গোড়ালি থেকে করাত জাতীয় কিছু দিয়ে কেটে ফেলা হয়েছে। মুখাবয়বের অর্ধেক কিছু অংশ কেটে ফেলা হয়েছে এবং সেই অংশ উধাও।

ঠিক কখন এই দুষ্কর্ম হয়েছে তা তদন্তকারীরা এখনও বুঝতে পারছেন না। কেনই না ঘটল এই ন্যক্কারজনক ঘটনা, সে ব্যাপারেও বিশ বাঁও জলে তারা। ডেভিস পুলিশের ডেপুটি সেন্ট্রাল চিফ পল ডোরোশভ জানিয়েছেন, এলাকার বাসিন্দাদের একাংশের কাছে এই মূর্তিটি একটি আইকন, তাই মূর্ত ভাঙার অপরাধকে গুরুত্বের সঙ্গে দেখছেন তাঁরা। ভারত সরকারের তরফে দান করার পর চার বছর আগে বসানো হয় জাতির জনকের মূর্তিটিকে।
তবে, মূর্তি বসানোর সময় প্রবল বিরোধিতা করেছিল কিছু গান্ধী-বিরোধী এবং ভারত-বিরোধী সংগঠন। এদের নেতৃত্বে ছিল অর্গানাইজেশন ফর মাইনরিটিজ ইন ইন্ডিয়া (ওএফএমআই)। বিরোধিতা সত্ত্বেও মূর্তি বসানোর পক্ষেই ভোট দেয় ডেভিস প্রশাসন। তারপর থেকে গান্ধীমূর্তি সরানোর দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছিল ওএমএফআই। ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সোসাইটি ইন্টারন্যাশনাল (ফিসি)-এর সদস্য গৌরাঙ্গ দেশাই জানিয়েছেন, ভারত-বিরোধী এবং হিন্দু-বিরোধী চরমপন্থী দলগুলি বেশ কিছু বছর ধরে ঘৃণার পরিবেশ সৃষ্টি করেছে। ওএমএফআই ছাড়াও আছে খলিস্তানি সংগঠনও।


