সন্ধান২৪.কমঃ রাজধানীর পুরান ঢাকার অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছেন। বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ছয়তলা ভবনে ঘটেছে।
এ ঘটনায় শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে আবাসিক ভবনটির নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ১৯ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের একজন দগ্ধ ও কয়েকজন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেহেরির একটু আগে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় এখন পর্যন্ত একনারী ও এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ভবনের বিভিন্ন ফ্ল্যাট ও ছাদে আটকা পড়েন বাসিন্দারা। তাদেরকে ছাদ থেকে এবং বারান্দা ও জানালার গ্রিল কেটে বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


