সন্ধান২৪.কম : বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্ত থেকে প্রত্যাহার করা হয়েছে ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (এনসিবি) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে।
শুক্রবার দেশটির কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্তের কথা জানায়।তার বিরুদ্ধে শাহরুখপুত্রের মামলায় ৮ কোটি রুপি ঘুসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল আরিয়ানের মামলা তদন্ত করবে। আরিয়ান ছাড়াও আরও ছয়জনের মামলা তদন্ত করছিলেন ওয়াংখেড়ে। এরমধ্যে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের নাতিও রয়েছে।
এ নিয়ে ওয়াংখেড়ে এনডিটিভিকে বলেন, আমাকে কোনো কিছু থেকে সরিয়ে দেওয়া হয়নি। তবে আমার কাছ থেকে মামলাগুলো হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন আরিয়ানের মামলার এক সাক্ষী প্রভাকর সেইল। পাশাপাশি মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিকও বারবার তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন।


