সন্ধান২৪.কম : আওয়ামী লীগের জাতীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রতিবাদ সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ।
গতকাল ১৫ সেপ্টেম্বর সন্ধায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আঃলীগ, নিউইয়র্ক স্টেট-মহানগর আঃলীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা।
‘অসাংবিধানিক পুর্ব নির্ধারিত নির্বাচনের ফলাফলে নির্বাচিত সরকারের অবৈধ কোর্টের অবৈধ রায়ের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশে’ কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ হাসান, আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু। এ ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ সোলায়মান আলী, সাখাওয়াৎ বিশ্বাস,নুরুজ্জামান সর্দার, সুবল দেবনাথ,কিবরিয়া জামান, মঞ্জুর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ শিবলী সাদিক প্রমুখ।
দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশে অতিথিরা তাদের বক্তব্যে বলেন,অবৈধ ‘ক্যাঙ্গারু কোর্ট’ কর্তৃক পূর্বনির্ধারিত প্রহসনের রায়কে বাংলাদেশ সর্বস্তরে জনসাধারণ তীব্র ঘৃণার সাথে প্রত্যাখান করছে।
সুপ্রিম কোর্ট গত ১৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। মৃত্যুদণ্ড পাওয়া বাকি ছয় আসামি হলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। একইসঙ্গে পাঁচজনের ৫০ শতাংশ সম্পদ বাজেয়াপ্তের মাধ্যমে সরকারি অনুকূলে নিয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ-আহতদের বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।
