ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। গত ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এই সমর্থন জানান তারা।
পূর্ব ইউরোপের দেশটির জনগণের সমর্থনে যুক্তরাষ্ট্রের সাবেক এ দুই প্রেসিডেন্ট শিকাগোতে ইউক্রেনীয়দের একটি গির্জা পরিদর্শন করেন।
সেইন্টস ভলোদিমির অ্যান্ড ওলহা ক্যাথলিক গির্জায় ক্লিনটন ও বুশ নীল ও হলুদ ফিতায় বাঁধা সূর্যমুখী ফুল দেওয়ার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।
টুইটারের এক বার্তায় ক্লিনটন লিখেছেন, স্বাধীনতার জন্য ও নিপীড়নের বিরুদ্ধে যে লড়াই ইউক্রেনের জনগণ লড়ছেন এতে আমেরিকা ঐক্যবদ্ধভাবে তাদের সঙ্গে রয়েছে।
অপর এক টুইটে জর্জ ডব্লিউ বুশ লিখেছেন, আমেরিকা ইউক্রেনের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কারণ তারা তাদের স্বাধীনতা এবং তাদের ভবিষ্যতের জন্য লড়াই করছে।


