ইউক্রেনের যে অনুরোধ ফিরিয়ে দিল ইসরাইল

সন্ধান ২৪.কম:ইসরাইলের প্রখ্যাত সাংবাদিক নাদাল ইয়াল জানিয়েছেন, ইসরাইলের কাছ থেকে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিনতে চেয়েছিল ইউক্রেন।

কিন্তু তাদের এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইসরাইল।

ইসরাইলি গণমাধ্যম ইয়েদিয়োত আহরোনোতে লেখা একটি বিশেষ কলামে এসব তথ্য জানিয়েছেন সাংবাদিক নাদাল ইয়াল।

ওই কলামে নাদাল ইয়াল লেখেন, ইসরাইল রাশিয়া ও ইউক্রেনের চলমান দ্বন্দ্বে কোনোভাবেই জড়াতে চায় না এবং রাশিয়াকে রাগাতে চায় না ।

এ কারণে ইউক্রেন আয়রন ডোম কেনার প্রস্তাব দিলেও সেটি ফিরিয়ে দিয়েছে ইসরাইল।

নাদাল ইয়াল জানিয়েছেন, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে আয়রন ডোমের জন্য আবেদন করেছিল ইউক্রেন। কিন্তু আয়রন ডোম যেহেতু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সম্পত্তি। তাই দুই পক্ষের মত ছাড়া এটি অন্য কোনো দেশকে দেওয়া যাবে না।

কিন্তু ইউক্রেন যুক্তরাষ্ট্রকে আয়রন ডোম ও প্যাট্রিয়ন মিসাইল দেওয়ার জন্য চাপ দিচ্ছে অনেকদিন ধরেই। তারা রাশিয়ার আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য সীমান্ত আরো শক্তিশালী করতে চায়।

সাংবাদিক নাদাল ইয়াল জানিয়েছেন এ বিষয়টি এখন উভয় সংকটে ফেলে দিয়েছে ইসরাইলকে।

তার মতে এখন ইসরাইল যে কোনো এক পক্ষকে খুশি রাখতে পারবে। হয় রাশিয়া নয়ত যুক্তরাষ্ট্র। কারণ যদি যুক্তরাষ্ট্রের অনুরোধের পরও তারা ইউক্রেনকে আয়রন ডোম না দেয় তাহলে যুক্তরাষ্ট্র এতে ক্ষিপ্ত হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার করলে রাশিয়া ক্ষিপ্ত হবে।

Exit mobile version