সন্ধান২৪.কম ঃ ইউরোপে করোনায় মৃত্যু দশ লাখের অংক ছাড়াল। প্রতি সপ্তাহে ইউরোপে নতুন করে আক্রান্ত হচ্ছেন ১৬ লক্ষ মানুষ। অর্থাৎ, ঘণ্টায় ৯৫০০ জন। মিনিটে ১৬০ জন।
আজ সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ। ফের সাবধান করে দিয়ে বলেন, ‘‘যত-ই টিকাকরণ শুরু হয়ে যাক না কেন, পরিস্থিতি এখনও যথেষ্ট ভয়ের।’

হু-এর ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশ। এর মধ্যে দু’টি দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত নয়। রাশিয়া এবং তুরস্ক। হান্স জানান, প্রথমে কিছু দেশে সংক্রমণ কমার সামান্য লক্ষণ দেখা গিয়েছিল। কিন্তু সেটা দেখে সংক্রমণ হার কমেছে ধরে নেওয়া ভুল হবে। শুধুমাত্র প্রবীণদের মধ্যে সংক্রমণ কমতে দেখা যাচ্ছে। হাসপাতালগুলোর অবস্থা এখনও এক। হু-কর্তা জানান, তাঁদের কাছে নিয়মিত রিপোর্ট আসছে, আইসিইউয়ে জায়গা নেই। ফ্রান্সের উদাহরণ দিয়ে তিনি জানান, এপ্রিল মাসে এ দেশে আইসিইউয়ে রোগী ভর্তি সর্বোচ্চ স্তর ছুঁয়েছে। টিকাকরণ কেমন চলছে, কী পর্যায়ে রয়েছে, এ সব না-ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সেই অনুযায়ী করোনা-বিধি তৈরি করার পরামর্শ দিয়েছেন হান্স। না-হলে স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়তে পারে যে কোনও দিন, তা মনে করিয়ে দিয়েছেন তিনি।