ইউরো নেশন্স লিগ : ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল

সন্ধান২৪.কম : বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে ফ্রান্স ইউরোপিয়ান নেশন্স কাপ ফুটবলের শেষ চারে পৌছে গেছে। এনগোলো ক্যান্টের করা দ্বিতীয়ার্ধের গোলে ফ্রান্স জয়ী হওয়ায় লড়াই থেকে ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। প্রথমার্ধে অ্যান্থনি মার্শিয়াল গোলের অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করার পর দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে গোলটি করেন ক্যান্টে। ২০১৬ সালের পর নিজ দেশের হয়ে প্রথম গোল করলেন ক্যান্টে। টানা পাঁচ ম্যাচে কোন গোল না খাওয়া পর্তুগাল একটি গোল খেয়েই প্রতিযোগিতা থেকে বিদায় নিল। ৫ ম্যাচ শেষে গ্রুপ-এ-৩ থেকে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। তাদের চেয়ে তিন পয়েন্ট কম পর্তুগালের। বাকি ম্যাচের ফল যাই হোক না কেন হেড টু হেড রেকর্ডে ফ্রান্স এগিয়ে থাকায় পর্তুগালের পক্ষে আর তাদেরকে অতিক্রম করা সম্ভব হবে না। ২০১৮ সালের বিশ^কাপের পর পর্তুগালের এটা ছিল দ্বিতীয় পরাজয়।

ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দিদিয়ার দেশ্যম বলেন, ‘প্রতিযোগিতার মান হিসাব করলে এটা ছিল সাম্প্রতিক সময়ে আমাদের সেরা পারফরমেন্স। আমরা যোগ্য দল হিসেবেই জিতেছি এবং গ্রুপের শীর্ষে ওঠার যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছিলাম তা অর্জন করেছি। আজ আমরা প্রমাণ করেছি ফ্রান্স এখনও দারুন একটি দল।’

অ্যান্টনি গ্রিজম্যান ১২ মিনিটের মাথায় মার্শিয়ালকে দারুন একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। কিন্তু পর্তুগালের গোলরক্ষক রুই প্যাট্রিসিও পয়েন্ট ব্ল্যাঙ্ক পজিশন থেকে মার্শিয়ালের প্রচেষ্টা রুখে দেন। এর পর অ্যাড্রিয়েন র‌্যাবিয়টের অ্যাক্রোবেটিক প্রচেষ্টা বারে লেগে ফেরত গেলে পেয়ে যান মার্শিয়াল। এবারও গোলরক্ষক রুখে দেন তার প্রচেষ্টা। অপর দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর শট ডাইভ দিয়ে বাচিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। এছাড়া রোনালদো খেলোয়াড়দের দেয়ালে মেরে একটি ফ্রি কিক নষ্ট করেন। ফ্রান্স ৫৪ মিনিটে পায় কাঙ্খিত গোলের দেখা। গ্রিজম্যানের পাস থেকে র‌্যাবিয়টের নেয়া শট বাচিয়ে দেন গোলরক্ষক, কিন্তু সেটি পেয়ে যান ক্যান্টে এবং তিনি গোল করে এগিয়ে দেন ফ্রান্সকে। সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল পর্তুগাল। তাদের তিনটি সুযোগ হাতছাড়া হয়। হোসে ফন্টের হেড লাগে ক্রসবারে। হোয়াও মুটিনহোর শট কোন রকমে বাচিয়ে দেন লরিস। পরাজয়ের পর হতাশ পর্তুগালের সবাই। কোচ ফ্রার্নান্ডো স্যান্টোস বলেন, ‘আমি বুঝতে পারছিনা প্রথমার্ধে আমাদের কি হয়েছিল। আমরা এমনটা আশা করিনি। তবে পরাজয়ের দায় আমার। আমরা দ্বিতীয়ার্ধে ভাল খেলেছি, অথচ গোলও খেয়েছি তখন। একটি মাত্র গোলই আমাদের আশা শেষ করে দিল। আমরা সমতা ফেরানোর তিন চারটি সুযোগ তৈরী করেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’

 

Exit mobile version