সন্ধান২৪.কম ডেস্ক: ইজরায়েল আর প্যালেস্তাইনের সংঘর্ষ চলার সময় আমেরিকা গোটা বিষয়টায় বন্ধু ইজরায়েলকেই সমর্থন করল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, ‘আমার আশা শিগগিরই এই সমস্যা মিটে যাবে। তবে আমি মনে করি, ইজরায়েলের প্রতিরোধ করার অধিকার রয়েছে। যখন তোমার ভূখণ্ড লক্ষ্য করে হাজার হাজার রকেট ছুটে আসে, তখন প্রতিরোধ করতেই হয়।’ বুধবার রাতে এই নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথাও বলেছেন বাইডেন।

২০১৪ সালের পর দুই প্রতিপক্ষের মধ্যে এত বড় লড়াই আর দেখেনি দুনিয়া। বিশেষজ্ঞরা বলছেন, এবার ইজরায়েল আর প্যালেস্তাইনের সংঘর্ষ সাত বছর আগের যুদ্ধকেও ছাপিয়ে যেতে পারে। ইজরায়েলের বিমান হানায় গাজায় মৃত্যু হয়েছে হামাসের এক শীর্ষ নেতার। প্রতিশোধ নিতে পাল্টা রকটে ছুড়েই চলেছে হামাস। আর এর জেরে ইজরায়েল এবং গাজা, দু’ জায়গাতেই মারা যাচ্ছেন সাধারণ মানুষ।
ধিকিধিকি আগুন জ্বলছিলই। সোমবার থেকে ইজরায়েল আর প্যালেস্তাইনের দ্বন্দ্ব চরমে পৌঁছয়। ইজরায়েলের বিমান হানায় গাজায় এখন পর্যন্ত মারা গিয়েছেন ৬৭ জন। ধূলিস্যাৎ হয়েছে আল–শারুক নামে একটি বহুতল। চলতি সপ্তাহে এই নিয়ে তিন নম্বর। নেতানিয়াহু সরকারের দাবি, হামাসের এক শীর্ষ নেতা সহ ১০ জন সদস্যর মৃত্যু হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলি হানায় ৪০০ জন আহত হয়েছে সেখানে।
তবে চুপ থাকেনি গাজাও। বৃহস্পতিবার সকালে তারা ইজরায়েল লক্ষ্য করে ১,৫০০ হাজার রকেট ছুড়েছে। সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।


