ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪

সন্ধান২৪.কমঃ ফুটবল ম্যাচে ইন্দোনেশিয়ার পদদলিত ও দাঙ্গার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো ১৮০ জন। গতকাল শনিবার রাতের এ ঘটনাকে বিশ্বের সবচেয়ে মারাত্মক স্টেডিয়াম বিপর্যয়ের একটি বলে উল্লেখ করছেন দেশটির কর্মকর্তারা।

পূর্ব জাভার ডেপুটি গভর্নর এমিল দারদাক গণমাধ্যমকে একথা জানান, পদদলিত হয়ে অন্তত ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলের মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে হারজিত নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশের টিয়ারগ্যাস ও রাবার বুলেট থেকে বাঁচতে হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত হন বেশিরভাগ সমর্থক।

ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচে হারল আরেমা। তবে তারা হার মানতে নারাজ।

ইন্দোনেশিয়া পুলিশ জানিয়েছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হয়ে নিহত হন।

Exit mobile version