সন্ধান২৪.কমঃ প্রতি মঙ্গলবার হাজিরা দেওয়ার শর্তে ঢাকার অন্যতম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পী মাদকের মামলায় দণ্ডিত সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন ।
তিনি বলেন, ইরফান সেলিমকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করা হয়। শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় আদালত এই জামিন আদেশ দেন।
এর আগে রোববার নিবন্ধনবিহীন ওয়াকিটকি রাখার মামলায়ও তিনি জামিন পান।
২০২০ সালের ২৬ অক্টোবর ইরফান সেলিমকে নিবন্ধনবিহীন ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাস ও বিদেশি মদ সেবনের দায়ে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
২৫ অক্টোবর রাতে এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে। পরের দিন হাজী সেলিমের ছেলেসহ সাতজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ‘ইরফানের গাড়ি ওয়াসিফকে ধাক্কা মারার পর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আসামিরা একসঙ্গে বলতে থাকেন, ‘তোর নৌবাহিনী/সেনাবাহিনী বের করতেছি, তোর লেফটেন্যান্ট/ক্যাপ্টেন বের করতেছি। তোকে এখনি মেরে ফেলব’ বলে কিল-ঘুষি মারেন এবং আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।’
