ইসলামি বক্তা তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুর

পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে

সন্ধান২৪.কম : ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে জেলা শহরের টি এ রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

গিয়াস উদ্দিন তাহেরী গণমাধ্যমকে বলেন, ‘ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে। আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আজ বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয়। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান নিয়ে নিরাপত্তার শঙ্কা রয়েছে বলে জানানো হয়। রাতেই আমরা কর্মসূচি স্থগিত করি।’

তিনি বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় নেতৃবৃন্দকে নিয়ে বিষয়টি নতুন জেলা প্রশাসককে জানাতে চেয়েছিলাম। বেলা আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টি সেতু) থেকে কাউতলী যাওয়ার পথে টি এ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা বরাবর পৌঁছালে মাদ্রাসাছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। তারা আমাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল। কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে আমি চলে আসতে সক্ষম হয়েছি।’

গিয়াস উদ্দিন আরও বলেন, ‘বিষয়টি সদর থানা-পুলিশকে জানিয়েছি। পুলিশকে বলেছি, রাস্তায় সিসিটিভি ক্যামেরা আছে, ফুটেজ দেখতে। প্রকাশ্যে দিবালোকে কারা হামলা করেছে বিষয়টি স্পষ্ট। আমি দ্রুতই অভিযোগ করব। মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা বাংলাদেশ প্রতিবাদ করে আসছে। প্রতিবাদ করা সবার দায়িত্ব। যারা আক্রমণ করেছে, তারাও অংশ নিতে পারত। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। গতকাল রোববার থেকে তারা হামলা করবে বলে ফেসবুকে ছড়িয়েছে।’

 

Exit mobile version