বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকার কথা ছিল খালেদ মাহমুদ সুজনের। সেই উদ্দেশে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে উড়ালও দিয়েছেন জাতীয় দলের এই টিম ডিরেক্টর।
কিন্তু শারীরিক অসুস্থতার দরুণ উইন্ডিজে যাওয়া হলো না সুজনের। বরং মাঝপথে কাতার থেকে উল্টো বাংলাদেশে ফিরে এসেছেন তিনি। তার সফরসঙ্গী তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান অবশ্য ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছেন।
জাতীয় দলের এই টিম ডিরেক্টর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিকসের সমস্যায় ভুগছেন। এই অবস্থায় উইন্ডিজের উদ্দেশে উড়াল দেন তিনি। কিন্তু যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক এই টাইগার অধিনায়ক। পরে কাতার থেকে ফিরে আসেন তিনি। বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন তিনি।
এদিকে সুজনের পরিবর্তে টিম ডিরেক্টর হিসেবে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হচ্ছে বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান ওবেদ রশীদ নিজাম। তিনি অবশ্য এখন করোনায় আক্রান্ত। সুস্থ হলেই ক্যারিবিয়ান দেশটির উদ্দেশে উড়াল দেবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৬ জুন অ্যান্টিগা টেস্টে মাঠে নামবে। এবারের সফরে বাংলাদেশ ২টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।


