সুকুমার সরকার, ঢাকা: দ্রুত দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পণ্য পাঠাতে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে পণ্য রাখার জন্য বিশেষ জায়গা বা ইয়ার্ড চেয়েছে ভারত। সংশ্লিষ্ট মহলের মতে, চট্টগ্রাম থেকে ভারতের অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পণ্য পরিবহণে সময় ও অর্থের অনেকটাই সাশ্রয় হয়। তাই এই আবেদন জানিয়েছে নয়াদিল্লি।
জানা গিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সুবিধা নিশ্চিতের পাশাপাশি অর্থনীতি শক্তিশালী করতে এমন সুবিধা চায় ভারতের কেন্দ্রীয় সরকার। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বার্ষিক অধিবেশনে চট্টগ্রাম বন্দর ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বাংলাদেশকে এই অনুরোধের কথা জানান। তবে ঢাকা সূত্রে খবর এখনও পর্যন্ত নয়াদিল্লির তরফে কোনও আনুষ্ঠানিক আবেদন জানানো হয়নি। কোনও আনুষ্ঠানিক প্রস্তাব মেলেনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও।


