সন্ধান২৪.কম: মা হারা একটি ছাগলছানা ও তার নিজের বাছুর কে দুধ খাওয়ানোর ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। রংপুরের গঙ্গাচড়ায় এই দৃশ্য দেখতে সেখানে প্রতিদিনই ভিড় করছেন অনেক মানুষ।
গঙ্গাচড়া উপজেলা সদরের মেডিকেল পাড়ায় ইমদাদুল হক মিলনের স্ত্রী মেহেরুন নেছা বেশ কিছুদিন ধরে একটি গাভী ও একটি ছাগল পালন করছেন। সম্প্রতি গাভী এবং ছাগল দু’টিই বাচ্চা প্রসব করেছে। প্রসবের কিছুদিন পর মা ছাগলটি মারা যায়। এ অবস্থায় গৃহবধূ চায়না ছাগলের বাচ্চাটিকে গাভীর দুধ খাওয়ানোর চেষ্টা করেন। সেখানে সফলও হন তিনি। বাছুর ও ছাগলছানাকে দুধ দিতে থাকে গাভীটি।
ওই গৃহবধূ জানান, জন্মানোর পর থেকেই গরুর বাছুর কে ‘বাহাদুর’ ও ছাগলছানাকে ‘রবি’ নামে ডাকি। ওই নামে ডাক দেলেই তারা ছুটে আসে। এছাড়াও গাভীটি একই সঙ্গে ছাগলছানা ও বাছুরকে দুধ দিচ্ছে। ক্ষুধা লাগলে নিজেই গাভীর দুধ খেয়ে নেয় ছাগল ছানাটি। গাভীর দুধ খেয়ে এখন ছাগলছানাটি বেশ বড় হয়েছে। বয়স প্রায় ৯ মাস। আর গরুর বাছুরটির বয়স প্রায় ১০ মাস। তাদের মধ্যে সখ্যতাও বেশ ।
