সন্ধান২৪.কমঃ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অতিরিক্ত লোকজনের চাপে ভেঙে পড়ল ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী মঞ্চ। এ সময় উদ্বোধকের বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠায় মঞ্চ ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টিকে ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা গণমাধ্যমকে বলেন, ‘স্টেজ ভেঙে পড়েছে এটা স্বাভাবিক একটা ব্যাপার।’

সম্প্রতি ছাত্রলীগের সম্মেলনে মঞ্চে সমবেত নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওবায়দুল কাদের। আজও তিনি বলেন, ‘আমি বলব এই যে নেতাদের মঞ্চে উঠা, এত নেতা আমার দরকার নাই। আমাদের আরো কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। এত নেতা আমাদের দরকার নাই। যেকোনো মন্ত্রী গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি। এত নেতা কেন? নেতা উৎপাদনে এত বড় কারখানা আমাদের দরকার নেই।’
মঞ্চ ভেঙে গেলে পড়ে যান কাদেরসহ ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকেরা৷ এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বেলা সোয়া তিনটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে ছাত্রলীগের শোভাযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়৷ ওবায়দুল কাদেরের বক্তব্য চলার মধ্যেই ৪টা ১০ মিনিটে ভেঙে পড়ে মঞ্চ। পরে ৪টা ১৭ মিনিটে ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন সেতুমন্ত্রী।


