ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডই বলেছেন, ব্যালন ডি’অর নিয়ে তর্কাতর্কি করার দিন শেষ। এবারের ব্যালন ডি’অর করিম বেনজেমা না জিতলে কেলেঙ্কারি হবে।
শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতেছে করিম বেনজেমাদের রিয়াল মাদ্রিদ। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে সাদিও মানে ও মোহাম্মদ সালাহকে টপকে ব্যালন ডি’অর জেতার দৌড়েও এগিয়ে গেছেন করিম বেনজেমা।
বিটি স্পোর্টসের অনুষ্ঠানে বিশ্লেষক হিসেবে উপস্থিত ছিলেন ফার্ডিনান্ড ও লিভারপুলের সাবেক কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ডও। বেনজেমা প্রসঙ্গে জেরার্ড বলেন, বাচ্চারা যখন ঘরে বসে খেলা দেখে, ওরা স্ট্রাইকারদের অনুসরণ করার চেষ্টা করে, বেনজেমার গোলের জন্য অপেক্ষা করে। তবে আপনি যদি শুধু গোল ছাড়াও বিশ্বমানের অলরাউন্ডার স্ট্রাইকার হিসেবে কারও নাম বলতে চান, বেনজেমার নাম আসবেই। এবারের ব্যালন ডি’অর ওরই প্রাপ্য।
৩৪ বছর বয়সী ফরোয়ার্ড বেনজেমা এবারই ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়েছেন। ২৭ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করার পথে পিএসজি ও চেলসির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচে দুই হ্যাটট্রিক করেছেন। বেনজেমা অবশ্য নিজেই নিজের ঢাক পেটাতে রাজি নন।
ফাইনাল শেষে বেনজেমা বলেন, আমি আমার কাজটা ঠিকঠাক করেছি। আমি যা যা অর্জন করেছি, তা নিয়ে গর্বিত। দেখা যাক ব্যালন ডি’অরের ক্ষেত্রে কী হয়, কারণ, আমি এর মধ্যেই অন্যান্য শিরোপা জিতেছি।
প্রসঙ্গত, অক্টোবরে জানা যাবে, কে জিতছেন ব্যালন ডি’অর।
