সন্ধান২৪.কমঃ বাংলাদেশ ক্রিকেট দল বার বার ব্যর্থ হচ্ছে । সেই ব্যর্থতা টি-টোয়েন্টি বিশ্বকাপে কাটিয়ে ফেলতে পারলে শাকিব আল হাসানরা চমকে দিতেই পারেন।
দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ভারত আছে বাংলাদেশের গ্রুপে । এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কখনও টি-টোয়েন্টি ম্যাচ জেতেননি শাকিব আল হাসানরা। পাকিস্তানের বিরুদ্ধে তাঁরা জিতেছেন মাত্র দু’বার। ভারতের বিরুদ্ধে মাত্র এক বার। এমন একটা গ্রুপ থেকে জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়া যে সহজ নয়, তা ভালই জানেন শাকিবরা।

বাংলাদেশের এই দলে মাহমুদুল্লাহ, মুশফিকুর রহমানের মতো ক্রিকেটাররা নেই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে ওপেনিংয়ে কারা খেলবেন তা ঠিকই করে উঠতে পারেনি বাংলাদেশ। বিভিন্ন ক্রিকেটারকে খেলিয়ে দেখা হয়েছে। অস্ট্রেলিয়ার পিচে গতি সামলানো বাংলাদেশ ব্যাটারদের কাছে বড় পরীক্ষা। সেই কারণে সৌম্য সরকারকে দলে আনা হয়েছে। এখন দেখার তিনি দলের ব্যাটিংয়ের হাল ফেরাতে পারেন কি না। সঙ্গে থাকবেন লিটন দাস। ব্যাট হাতে শাকিবের দিকেও তাকিয়ে থাকবে দল। অলরাউন্ডার হিসাবে টি-টোয়েন্টিতে তিনিই যে বিশ্বের এক নম্বর।
বাংলাদেশ দলে প্রতিভা রয়েছে। সে কথা বলেছেন তাদের ভারতীয় টি-টোয়েন্টি উপদেষ্টা শ্রীধরন শ্রীরামও। কিন্তু দল হিসাবে বার বার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ব্যর্থতা কাটিয়ে ফেলতে পারলে বাংলাদেশ চমকে দিতেই পারে।