দীর্ঘ সময় ধরে ব্যাট হাসছে না মুমিনুল হকের। নেতৃত্বের চাপমুক্ত হলে তার ব্যাটে রান আসবে বলে মনে করেছিলেন নির্বাচকরা।
মুমিনুলও অধিনায়কত্ব ছেড়ে দেন। ভারমুক্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজের মাঠে নামলেও রানখরা রয়েই গেছে মুমিনুলের ব্যাটে।
সববশেষ ১৮ ইনিংসে মাত্র দুটি ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল। সবশেষ ১০ ইনিংসের মধ্যে চারবারই শূন্য রানে আউট হলেন তিনি। প্রস্তুতি ম্যাচসহ এ সংখ্যা ৫ বার। বাকি ৭ ইনিংসে তার সংগ্রহ— ৩৭, ২, ৬, ৫, ২, ৯, ৪ ।
অথচ এই সেই ব্যাটার যিনি ক্যারিয়ারের শুরুতে মাত্র ২৪ টেস্টে ৪ সেঞ্চুরি আর ১২ ফিফটি হাঁকান। টেস্ট ইতিহাসের প্রথম ২৪ ইনিংসে সব থেকে বেশি ৫০+ রান করার দিক থেকে ডন ব্রাডম্যানের পাশে নাম লেখান তিনি।
লাল বলের খেলায় মুমিনুল এখনো বাংলাদেশের অন্যতম স্বীকৃত ব্যাটার।
মুমিনুলকে রানে ফেরাতে সব ধরনের চিন্তা-ভাবনা চলছে বিসিবিতে। তাকে ‘এ’ দলের সঙ্গে আবারও ওয়েস্ট ইন্ডিজ পাঠানোর কথা ভাবা হচ্ছে। এটাকে কিভাবে দেখছেন মুমিনুল?
এ বিষয়ে বিসিবির কর্মকর্তারা যা ভালো মনে করেন, তাতেই রাজি বলে জানালেন মুমিনুল।
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে বলব, আমাদের দেশে একজন সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেয়া ক্রিকেটারকে ‘এ’ দলের সঙ্গে বাইরে খেলতে পাঠানোর কালচার কম। তবে আমি এটাকে নেগেটিভলিট দেখছি না। আমি পজিটিভ আছি। আমি বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটার। বোর্ড পাঠালে আমাকে যেতে হবে, ওয়েস্ট ইন্ডিজ খেলতেও হবে। আমি অবশ্যই যাব।’
