ওভাল অফিসের সামনে থেকে সরানো হলো চার্চিলের ভাস্কর্য,বসানো হচ্ছে অন্যদের ভাস্কর্য

সন্ধান২৪.কমঃ ওভাল অফিসের সামনে থেকে আবারো সরানো হলো উইনস্টন চার্চিলের ভাস্কর্য। জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর আবার নতুন করে সাজানো হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়।

চার্চিলের ভাস্কর্যের জায়গায় বসানো হচ্ছে নাগরিক অধিকার আন্দোলনের নায়ক যেমন সিজার শাভেজ, মার্টিন লুথার কিং, রবার্ট কেনেডি, রোজা পার্কস এবং এলেনর রুজভেল্টের ভাস্কর্য।

সিএনএন জানাচ্ছে এর আগে আরেকবার চার্চিলের ভাস্কর্য সরানো হয়েছিল সেখান থেকে। ওবামা প্রেসিডেন্ট হবার পর।

তা নিয়ে খুব সমালোচনা করেছিল ব্রিটিশরা। এর মধ্যে ছিলেন বরিস জনসনও । তখন তিনি ছিলেন লন্ডনের মেয়র।

সেই সময় তিনি এমন-ও বলেছিলেন আংশিক-কেনিয়ান ওবামার কাছে হয়তো ব্রিটেনের কিছু দেখলেই সাম্রাজ্যবাদী মনে হয়।

সেই প্রেক্ষিতে যুক্তরাজ্য সফরের সময় চার্চিলের ভাস্কর্য সরানোর ব্যাখ্যাও দিতে হয়েছিল ওবামাকে। তিনি বলেছিলেন, “আমি তোমাদের ভালবাসি। কিন্তু আসলে হয়েছে কি এত টেবিল, সবগুলো একজায়গায় রাখলে ভালো দেখায় না।”

পরে আবার যখন ট্রাম্প ক্ষমতায় এলেন চার্চিলের ভাস্কর্য সসম্মানে সামনে নিয়ে আসা হয়েছিল। এই ভাস্কর্যটি প্রেসিডেন্ট অফিসের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমলে জর্জ বুশকে দেওয়া হয়েছিল।

ট্রাম্পের আমলে যখন থেরেসা মে যুক্তরাষ্ট্র সফরে আসেন তখন তিনিও আরেকটি ভাস্কর্য নিয়ে এসেছিলেন চার্চিলের।

যাই হোক, এবার চার্চিলের ভাস্কর্য সরানো নিয়ে মনে হয় না কোনো বিরূপ মন্তব্য করতে যাবেন বরিস জনসন, সিএনএনের মন্তব্য। প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরালো রাখার চেষ্টাই করার কথা তার।

 

Exit mobile version