সন্ধান২৪.কমঃ কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের সরকার প্রধানদের মধ্যে অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। করোনাভাইরাস মহামারী সাফল্যের সঙ্গে মোকাবিলার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন এবং বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলির নামও উঠে এসেছে।
গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেয়া এক বিশেষ ঘোষণায় ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে কোভিড মহামারী মোকাবিলার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস-২০২১ সামনে রেখে করোনাকালে অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণাদায়ী হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেন।
তিনি বলেন, আমি অনেক নারী এবং মেয়ের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছি। এরপরও আমাদের কমনওয়েলথের তিনজন বিস্ময়কর নেতার নাম বলতে চাই- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যারা করোনাকালে দেশে নিজ নিজ ভূমিকায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।
কমনওয়েলথ মহাসচিব বলেন, অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা আমাকে এমন একটি বিশ্বের আশা দিয়েছেন যা নারী-পুরুষদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে এবং আমাদের সার্বজনীন মঙ্গলের জন্য কাজ করবে।


