করোনামুক্ত হয়ে ফিরেই জুভেন্টাসকে জেতালেন রোনালদো

সন্ধান২৪.কম :  আইসোলেশনে থাকতে হয়েছে দুই সপ্তাহের বেশি সময়। পর্তুগালের হয়ে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তাতে এতটুকু ধার কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। চেনা ছন্দেই ফিরেছেন এই পর্তুগিজ তারকা। রোনালদোর উপস্থিতি কতটা প্রভাব বিস্তার করে, সেটি তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন।

করোনামুক্ত হয়ে রোববার রাতেই মাঠে নেমেছিলেন। স্পেজিয়ার বিপক্ষে বদলি হয়ে নামার পর তার জোড়া লক্ষ্যভেদে জিতেছে জুভেন্টাস। শেষ পর্যন্ত আন্দ্রেয়া পিরলোর দল ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে। রাতের অপর ম্যাচে জলাতান ইব্রাহিমোভিচের অ্যাক্রোবেটিক গোলে উদিনেসের মাঠে ২-১ এ জিতেছে এসি মিলান। তাতে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।

প্রতিপক্ষের মাঠে রোনালদোর নামার আগে অবশ্য এভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়নরা। প্রাণভোমরাকে ছাড়া ধুঁকছিল ঠিকই। তার ওপর শেষ তিন ম্যাচে ছিল ড্র। ১৪ মিনিটে আলভারো মোরাতার গোলে লিডও পেয়ে যায় তারা। ৩২ মিনিটে পোবেগার গোলে স্পেজিয়া সমতা ফেরালে আবারও ড্রয়ের শঙ্কা জেগে ওঠে। কারণ দ্বিতীয়ার্ধেও শক্ত প্রতিরোধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল স্পেজিয়া।

কিন্তু জয়ের জন্য মরিয়া থাকা জুভেন্টাস কৌশল পাল্টায় দ্বিতীয়ার্ধে। রোনালদো বদলি হয়ে নামার পরেই দৃশ্যপট পাল্টায় দ্রæত। ২০ মিনিটে হয়েছে বাকি তিন গোল। মাঠে নামার তিন মিনিট বাদেই ৫৯ মিনিটে গোলের দেখা পান তিনি। মোরাতার বল ধরে এগিয়ে গিয়েছিলেন। মার্কারকে পেছনে ফেলে গোলরক্ষকে কাটিয়ে জালে বল জড়িয়ে দেন রোনালদো। ৮ মিনিট পর স্কোর ৩-১ করেন রাবিও। আর ৭৬ মিনিটে ডি বক্সে ফেদেরিকো চিয়েসাকে ফেলে দিলে পেনাল্টি পায় জুভেন্টাস। ফলশ্রুতিতে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো। অবশ্য গোলটিও ছিল দর্শনীয়। পানেকা স্টাইলে মৌসুমের পঞ্চম গোল তুলে নেন তিনি। এই জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনেই আছে জুভেন্টাস। 

 

Exit mobile version