সন্ধান২৪.কম ডেস্ক: ইবোলা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে করোনা ভাইরাসের কামড়ে ভয়াবহ অবস্থায় গোটা বিশ্ব। এরই মধ্যে আফ্রিকার কঙ্গোয় ফের দাপট নিয়ে ফিরল ইবোলা ভাইরাস। যা নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। একমাসেরও বেশি সময় ধরে সে দেশে অন্তত ৫০ জনের শরীরে থাবা বসিয়েছে ইবোলা। মৃত্যু হয়েছে ২০ জনের।
মে মাস থেকে আফ্রিকার প্রত্যন্ত দেশগুলিতেও হানা দিয়েছিল করোনা ভাইরাস। তবে এই মহামারির মধ্যেই যে আফ্রিকায় আরেক অভিশাপ ইবোলা ভাইরাসও থাবা বসাবে, তা কারও কল্পনায়ও আসেনি। কারণ, দীর্ঘ সময় ধরে লড়াইয়ের পর আফ্রিকায় ইবোলার সংক্রমণ রুখতে সক্ষম হয় চিকিৎসক মহল।
২০১৫-১৬ সাল থেকে ইবোলা ভাইরাসের কবলে পড়ে প্রচুর প্রাণহানি হয়েছিল আফ্রিকা মহাদেশে। বিশেষত লাইবেরিয়া, সিয়েরা লিওনের মতো দরিদ্র দেশগুলিতে। সেসময় কোভিট-১৯ এর মতোই অজানা রূপ ধরে হানা দিয়েছিল ইবোলা। প্রতিষেধক আবিষ্কার দুষ্কর হয়ে দাঁড়াচ্ছিল। ঠিক আজ যেমন করোনাকে বাগে আনতে হিমশিম খেতে হচ্ছে বিশ্বের তাবড় বিজ্ঞানী মহলকে।
WHO’র জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ মাইক রায়ান কঙ্গোয় ইবোলার দাপটের খবর জানিয়ে বলছেন, ”আচমকা এই রোগের প্রকোপ বেশ দেখা দিচ্ছে। এখনই সতর্ক হওয়া দরকার বলে মনে করি।” তিনি আরও বলছেন, করোনা আবহে অন্যান্য সংক্রামক রোগগুলির দিকে নজর দেওয়া হচ্ছে না। তাতে বিপদ বাড়ার আশঙ্কা থাকছে। কারণ, কঙ্গোর নর্থ কিভু প্রদেশ ও আশেপাশের এলাকায় যেভাবে ইবোলা সংক্রমণ বাড়ছে, তাতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে বেশি সময় লাগবে না বলেই মনে করেন মাইক রায়ান।


