করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও হঠাৎ করে কিছুটা বেড়েছে। তবে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে ৯ লাখের নিচে।
গত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
করোনায় মৃতের তালিকায় এর পরই রয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি, রাশিয়া ও ফিনল্যান্ড।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ কোটি ২৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ১৭ হাজার।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৩৬৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ১৭ হাজার ৪৪০ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৬ হাজার ৯২৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪১ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ২৮ লাখ ৩২ হাজার ৮৪১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৩০৯ জন।
