সন্ধান২৪.কম ডেস্ক ঃ করোনা ভাইরাস সংক্রমণের জন্য বাদুড় কতটা দায়ী ? সত্যি কি বাদুরই ছড়াচ্ছে করোনা ভাইরাস ? কেন বাদুরকে দায়ী করা হচ্ছে ? এর কারণ হলো: সার্স-কোভ টু ভাইরাস যা কোভিড-১৯ সংক্রমণের কারণ – তার সাথে আগেকার একটি ভাইরাসের ৯৬% মিল আছে, এবং সেই ভাইরাস পাওয়া গিয়েছিল হর্সশু ব্যাট নামে এক প্রজাতির বাদুড়ের দেহে।
তানশি বলছেন, “এর ফলে সব প্রজাতির বাদুড়ই সন্দেহের পাত্র হয়ে পড়েছে। কিন্তু সত্যি হলো এর বিরুদ্ধে বাদুড়ের একটা খুব শক্ত বৈজ্ঞানিক যুক্তি আছে।“
“বিবর্তন বা ইভোলিউশনের ওপর সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে যে ৪০ থেকে ৭০ বছর আগে হর্সশু বাদুড়ের দেহে যে ভাইরাস পাওয়া গিয়েছিল – তার থেকে আলাদা হয়ে গিয়েছিল সার্স-কোভ-টু ভাইরাস“ – বলছেন তানশি।
তার কথায়, এতে আরো প্রমাণ পাওয়া যাচ্ছে যে বাদুড় হয়তো সরাসরি সার্স-কোভ-টু ভাইরাস মানুষের মধ্যে ছড়ায়নি।
কেনিয়ার মাসাই মারা বিশ্ববিদ্যালয়ে বন্যপ্রাণী সংক্রান্ত জীববিজ্ঞানের শিক্ষক হলেন ড. পল ওয়েবালা। তিনিও তানশির সাথে একমত।
ড. ওয়েবালা বলছেন, “বিবর্তনের দিক থেকে বলতে গেলে, মানুষ ও বাদুড়ের মধ্যে পার্থক্য অনেক। কাজেই সার্স-কোভ-টু ভাইরাস যদি বাদুড় থেকেই এসে থাকে – তাহলেও তাকে সম্ভবত: মাঝখানে অন্য আরেকটা প্রাণী বা ‘হোস্ট’ – এর মধ্যে দিয়ে যেতে হয়েছিল।“
তার অর্থ হলো বাদুড়ই যদি ভাইরাসের উৎস হয়ে থাকে – তার পরেও তারা সরাসরি মানুষের মধ্যে এটা ছড়ায় নি। অনেকে সন্দেহ করেন, মানুষ ও বাদুড় এই দুইয়ের মাঝখানে ছিল আরেকটি প্রাণী – সম্ভবত: প্যাংগোলিন, বাংলায় যাকে বলে বনরুই।
