করোনা সংক্রমণের রেকর্ড ভাঙল আমেরিকার পাঁচটি ষ্টেট

সন্ধান২৪.কম :  করোনা সংক্রমণের দৈনিক রেকর্ড ভাঙল আমেরিকার পাঁচটি স্টেট। যার ফলে আগামী সপ্তাহে কাজে ফেরার পরিকল্পনা থাকলেও তা বাতিল করল ফ্লরিডা ও টেক্সাস। রবিবার দেশ জুড়ে করোনা-আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ লক্ষ ৯৭ হাজার ৪০০-র কাছাকাছি।

আমেরিকার দক্ষিণ ও পশ্চিম প্রান্তে সংক্রমণের মাত্রা খুব বেশি হওয়ায় নির্বাচনী প্রচারের পরিকল্পনা বাতিল করলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

শনিবার ফ্লরিডায় নতুন করে সাড়ে ৯ হাজার মানুষ সংক্রমিত হন ২৪ ঘণ্টায়। অরিজ়োনায় আক্রান্ত হন সাড়ে তিন হাজার। সূত্রের খবর, এই দুই জায়গায় আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারে যাওয়ার কথা ছিল মাইক পেন্সের। যা বাতিল করা হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে খবর। সংক্রমণের মাত্রা বাড়ায় আপাতত ব্যবসা-বাণিজ্য চালু করার যে পরিকল্পনা ছিল তা-ও স্থগিত রাখা হচ্ছে। দু’মাস বাদে হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্ক ফোর্সের প্রথম বৈঠকে, শুক্রবারই করোনা-দলের প্রধান অ্যান্টনি ফাউচি বলেন, ‘‘গুরুতর বিপদের মধ্যে রয়েছে এ দেশ।’’ তাঁর বক্তব্য, ‘একটু বেশি তাড়াতাড়িই’ সব চালু করার চেষ্টা করায় এই বিপত্তি। তা ছাড়া বহু মানুষই বিধি মানছেন না বলে অভিযোগ তাঁর। পরিস্থিতি বিচার করে আপাতত গৃহবন্দিই থাকতে বলা হচ্ছে টেক্সাস, ফ্লরিডা, অরিজ়নার বাসিন্দাদের। ফ্লরিডার বারগুলিতে বসে সুরাপান বন্ধ করার নির্দেশ দিয়েছেন গভর্নর। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটও নির্দেশ দিয়েছেন বারগুলি বন্ধ রাখার। রেস্তরাঁগুলির ভিতরে বসার আসনও ৫০ শতাংশ ফাঁকা রাখতে বলা হয়েছে।

শনিবার ধরলে আমেরিকায় পর পর তিন দিন দৈনিক নয়া সংক্রমণ ৪০ হাজার ছাড়িয়েছে। সাউথ ফ্লরিডা বিশ্ববিদ্যালয়ের সংক্রমক অসুখ বিষয়ক বিভাগের ডিরেক্টর কামি কিমের বক্তব্য, লকডাউন উঠতে না উঠতেই নেতারা এমন হাবভাব শুরু করলেন যেন করোনা-যুদ্ধে জয় এসেই গিয়েছে। বড় সংখ্যক রাজনৈতিক নেতা মানতেই রাজি নন কোনও বিপদ রয়েছে। তাঁর কথায়, ‘‘দুর্ভাগ্যের বিষয় আমার প্রদেশের মানুষ এখনও এর ভয়াবহতা বুঝছেন না। কেউ মাস্ক পর্যন্ত পরছেন না।’’

Exit mobile version