সন্ধান২৪.কম : ভয়াবহ ও হীংস্র কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ধরা হয়।
১৮ অক্টোবর রাতে এদেরকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদেশ দেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, আটক সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
এছাড়াও ওই এলাকায় কোনো অপরিচিত লোক এলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। স্থানীয়দের অভিযোগ কিশোর গ্যাংয়ে ভরপুর উপজেলার একলাশপুর ইউনিয়ন। সেই সঙ্গে কিশোর গ্যাং দমনে অব্যাহত অভিযানের দাবি জানান তারা।
গ্রেফতারকৃতরা হলো- সুমন বাহিনীর সদস্য একলাশপুর গ্রামের লাল মিয়াজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মোরশেদ আলম বাবু (১৮), গাড়িয়াল বাড়ির আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ জহির (১৭), সম্রাট বাহিনীর সদস্য মনির আহম্মদ মাস্টারের ছেলে নাসরুল্যাহ নেহাল (৩৩), হৃদয় বাহিনীর সদস্য নিজাম উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন সাব্বির (১৯), লাল মিয়াজী বাড়ির শহীদ উল্যার ছেলে তানজিদ মেহরাজ (১৮), কাজী বাড়ির মোশারফ হোসেন স্বপনের ছেলে দাইমুল ইসলাম পাভেল (১৯) ও তুফান বাহিনীর সদস্য শাহ আলম মাস্টারের ছেলে জাবেদ (১৮)।
জানা যায়, একলাশপুরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে ভিডিওচিত্র ধারণ ও তা ছড়িয়ে দেয়ার ঘটনার পর অতিষ্ঠ এলাকার লোকজন ত্রাস সৃষ্টিকারী এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের দমনে শনিবার এক সমাবেশে পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানান।