সন্ধান২৪.কম ডেস্ক : কুরবানির ঈদ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য দু’দিনের পরিবর্তে এক দিন ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর আগে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বকরি ঈদের জন্য দু’দিন ছুটি দিয়েছিল সরকার। পশ্চিমবঙ্গ সরকার এই নির্দেশিকা জারি করেছে।
নতুন সরকার সেই বিজ্ঞপ্তিতে কিছুটা পরিবর্তন করেছে। নবান্ন জানিয়েছে, ঈদ পালনের দিন বদলে যাওয়ায় ছুটির দিনও বদলানো হয়েছে।সংবাদ : চ্যানেল ২৪।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) কুরবানির ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) বকরি ইদ পালন করা হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে। কুরবানির ঈদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে। ওই দু’দিন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য হবে।’
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এ রাজ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে।
