কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনকারী সেই সিনিয়র সহকারী কমিশনার সাসপেন্ড

আরিফূল ইসলামের সাতে তার আইনজীবি ও সহকর্মীরা

সন্ধান২৪.কম : কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনকারী কুড়িগ্রাম ডিসি অফিসে সিনিয়র সহকারী কমিশনার  নাজিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  সিনিয়র সহকারী কমিশনার  থাকার সময় মধ্যরাতে এক সাংবাদিকের ওপর নির্যাতন চালান তিনি। দুই দফা তদন্তে দোষ প্রমাণ হওয়ায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।  এ ঘটনায় কুড়িগ্রামের ডিসিসহ চার কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বিভাগীয় মামলার প্রথম ধাপে নাজিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি হয়েছে। তাঁর সম্পদের হিসাব চাওয়া হয়েছে। পরবর্তী ধাপে তাঁকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এর পরই নাজিমের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। 

প্রসঙ্গত, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে গত ১৩ মার্চ মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল দেন নাজিম। এই ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ মার্চ কুড়িগ্রামের তত্কালীন ডিসি সুলতানা পারভীন, নাজিম উদ্দিন, রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। বাকি তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। দোষ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Exit mobile version