সন্ধান২৪.কম ডেস্ক : নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি একটি ইনস্টাগ্রাম ভিডিয়োয় শহরের হাই স্কুলের পড়ুয়াদের উদ্দেশ্যে ঝরঝরে বাংলায় কথা বললেন।
হাই স্কুলের পড়ুয়াদের বাংলায় শুভেচ্ছা জানালেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানি। শুধু বাংলায় শুভেচ্ছাই নয়। ভিডিয়োর শুরুতেই তিনি শহরের ছাত্রছাত্রীদের স্পষ্ট বাংলায় বললেন, “নিউ ইয়র্ক শহরের হাই স্কুলের পড়ুয়ারা, তোমরা কেমন আছ?”
নিউইয়র্ক শহরের ২,০০০টিরও বেশি বিনামূল্যে ব্রডওয়ে টিকিটের ঘোষণা করেছেন। তবে আকর্ষণের বিষয় হল, প্রচারে তিনি অনর্গল বাংলায় কথা বলেছেন।
এই কর্মসূচির লক্ষ্য, তরুণদের জন্য নিউ ইয়র্কের নাট্যজগৎকে আরও সহজলভ্য করে তোলা। বিশেষত তাঁদের জন্য, যাঁদের ব্রডওয়ের টিকিট কেনার সামর্থ্য নেই। তবে মেয়রের বাংলায় ঘোষণা নিঃসন্দেহে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
ভিডিয়োয় একটি চমক হিসাবে ২,০০০টিরও বেশি বিনামূল্যের ব্রডওয়ের টিকিট ঘোষণা করা হয়েছে। সমাজমাধ্যমে বিপুল সাড়া পেয়েছে সেই ভিডিয়ো। ইনস্টাগ্রামে তাঁর নিজস্ব এবং ‘এনওয়াইসিমেয়র’ হ্যান্ডলে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি, যেখানে তিনি বাংলা, ম্যান্ডেরিন, স্প্যানিশ এবং ইংরেজিতে কথা বলেছেন।
‘থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ড (টিডিএফ)’-এর সহায়তায় লটারির মাধ্যমে দেওয়া হচ্ছে টিকিট। তা নিউ ইয়র্ক শহরের নির্বাচিত হাই স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে সাতটি ব্রডওয়ে শো দেখার সুযোগ দেবে। প্রত্যেক বিজয়ী সর্বোচ্চ দু’টি টিকিট পাবেন। ভিডিয়োটিতে মেয়র মামদানি বাংলায় ব্যাখ্যা করে বলেছেন, “আমরা নিউ ইয়র্ক শহরের পক্ষ থেকে ব্রডওয়ে শো দেখার জন্য দু’হাজারের বেশি টিকিট বিনামূল্যে দিচ্ছি।”
তিনি পড়ুয়াদের নির্ধারিত সময়সীমার আগে লটারিতে নাম লেখানোর আহ্বান জানান এবং উল্লেখ করেন যে নাম নথিভুক্ত করলে আরও একটি বিশেষ সুবিধা রয়েছে। তিনি বলেন, “লটারি এখন চালু রয়েছে। ওয়েবসাইটে গিয়ে লটারিতে অংশ নিতে পারবে। শুধু তাই নয়, লটারিতে অংশ নিলে থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের দু’মাসের মেম্বারশিপও বিনামূল্যে পাওয়া যাবে।” শেষে তিনি বলেন, “ঠিক আছে, তা হলে শো-তে দেখা হচ্ছে।” আনন্দবাজার ডট কম।
