সন্ধান২৪.কম : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোনো অর্বাচীনের কথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ কাজ বন্ধ করা হবে না । তিনি বলেন, সারা দেশে জাতির পিতার অসংখ্য ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। পথে-ঘাটে কে কী বলল তা নিয়ে গুরুত্ব দেয়ার কোনো কারণ নেই। বর্তমান সরকার যে কথা বলে তা বাস্তবায়ন করার সক্ষমতা নিয়েই বলে।
বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে নোঙর করা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত যুদ্ধজাহাজ এমভি আকরাম সংরক্ষণের ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মেঘনা নদীতে নৌ-কমান্ডোরা পাকসেনাদের যুদ্ধজাহাজ এমভি আকরাম ডুবিয়ে দেয়। পরবর্তীতে জাহাজটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডোরা চাঁদপুর এলাকায় মেঘনা নদীতে পাকসেনাদের অস্ত্র মজুদকৃত এমভি আকরাম জাহাজটি ডুবিয়ে দিয়েছিল। এটি মহান মুক্তিযুদ্ধের একটি বড় নিদর্শন। এটি সংরক্ষণ করার জন্য ছয়টি মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দুটি জায়গার নাম প্রস্তাব করা হয়েছে। একটি মাদারীপুর বিআইডব্লিউটিএর টেনিং সেন্টারের পাশে এবং অপরটি চাঁদপুর নতুন পোর্টের পাশে।
গঠিত কমিটি পর্যালোচনা করে প্রতিবেদন পেশ করার পর যে স্থানটি জনবহুল ও দর্শনীয় বলে বিবেচিত হবে, সেখানে জাহাজটি রেখে সংরক্ষণ করা হবে। এজন্য যে পরিমাণ অর্থ চাহিদা দেয়া হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেটি সরকারের কাছ থেকে বরাদ্দ এনে জাহাজটি স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা করবে। জাহাজটির সৌন্দর্য বর্ধনে প্রয়োজনে বিদেশি স্থপতি প্রকৌশলীদের পরামর্শ নেয়া হবে বলেও জানান মন্ত্রী মোজাম্মেল হক।
জাহাজটি পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাউদ্দিন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ কর্মকর্তারা।


