কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন মার্কিন ধনকুবের বিল গেটস। নিজেই তার টুইটার একাউন্টে এ খবর দিয়েছেন তিনি। মহামারি মোকাবেলায় বিল গেটস মিলিয়ন মিলিয়ন ডলার দান করেছেন। এবার নিজেই কোভিডে আক্রান্ত হলেন তিনি।
মঙ্গলবার ৬৬ বছর বয়স্ক গেটস জানান, তার সামান্য কিছু উপসর্গ দেখা গেছে। তবে তা গুরুতর কিছু নয়। তিনি ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নিয়েছেন। সুস্থ্য হওয়ার আগ পর্যন্ত তিনি আইসোলেশনেই থাকবেন বলে জানিয়েছেন গেটস। কোভিড নিয়েই তিনি তার কাজ চালিয়ে যাবেন। মঙ্গলবারই এক অনলাইন মিটিং-এ যোগ দিয়েছেন তিনি।
সাম্প্রতিক মাসগুলোতে মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা বিশ্বকে মহামারির হাত থেকে রক্ষায় প্রচুর অর্থ ব্যয় করেছেন। তিনি একটি বইও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন কীভাবে ভবিষ্যতের মহামারি মোকাবেলা করতে হবে
দেশগুলোকে কীভাবে মহামারি মোকাবেলায় একসঙ্গে কাজ করতে হবে তার বর্ণনা দিয়েছেন গেটস। গত জানুয়ারি মাসে তিনি টুইটারে লিখেছিলেন যে, কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেই এই মহামারি সাধারণ ঠান্ডা-কাশিতে পরিণত হবে।


