ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি সাম্প্রতিক সময়ে রান খরায় ভুগছেন।
২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরির পর থেকে ইতোমধ্যে জাতীয় দল এবং আইপিএল মিলে ১০০ ম্যাচে সেঞ্চুরির দেখা পাননি কোহলি।
চলতি আইপিএলে ছন্দহীন থাকা কোহিল ৭ ম্যাচে মাত্র ১১৯ রান সংগ্রহ করেছেন। এবারের আইপিএলে সেঞ্চুরিতো দূরে থাক, কোনো ম্যাচে ফিফটিও হাঁকাতে পারেননি।
যে কারণে অফ ফর্মে থাকা বিরাট কোহলিকে কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় দলে তার সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।
শাস্ত্রী বলেন, আমার মনে হয়, এ মুহূর্তে যদি কারও সবচেয়ে বেশি ছুটির প্রয়োজন হয়, সেটি কোহলিরই। ওর আরও অনেক ক্রিকেট পড়ে আছে সামনে। মানসিক অবসাদে সে যদি সেটি হারিয়ে ফেলে, তা মোটেও ভালো হবে না। আমি মনে করি, ওর এ মুহূর্তে বিশ্রামের প্রয়োজন।
ভারতের সাবেক এই প্রধান কোচ আরও বলেন, ফর্মে ফিরে আসতে কোহলির কেবল একটা ভালো ইনিংস দরকার। সেটি সময়ের ব্যাপার। সবচেয়ে আগে ওর প্রয়োজন দারুণ একটা বিশ্রাম।
