সন্ধান২৪.কমঃ ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সোমবার ওই তরুণী বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।
মামলার সত্যতা নিশ্চিত করে কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন জানান, তরুণীকে ধর্ষণের মামলায় এএসআই মোকলেছুরকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র জানায়, ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিন ছিলেন। ওই তরুণী খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
