মোস্তাফিজুর রহমানের টেস্ট খেলতে না চাওয়ায় আগেরদিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন খালেদ মাহমুদ। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন, ‘কেউ যদি কোনো সংস্করণে খেলতে না চায়, তাকে চাপ দেওয়া হবে না।’
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ দলের কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে এক সভা শেষে একথা বলেন তিনি। শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ সামনে রেখে এই সভা।
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা চাই না কেউ মন খারাপ করুক। খেলোয়াড়রা নিজেরা সিদ্ধান্ত নিক তারা কোন ফরম্যাটে খেলবে। তবে তারা যদি সিদ্ধান্ত না নেয়, একটা সময় আসবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মাহমুদউল্লাহ টেস্ট থেকে সরে গেছে। তামিম টি ২০ খেলছে না। মুশফিক কী ভাবছে জানতে হবে। সাকিবের ব্যাপারটা আলাদা। তাকে সবাই সব ফরম্যাটে চায়। কিন্তু আমরা জানি না, সে কোন সংস্করণে খেলবে, কোনটাতে খেলবে না।’
শ্রীলংকা সিরিজের পর জুনে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। এরপর দীর্ঘদিন টেস্ট ম্যাচ নেই। তাদের খেলার মধ্যে রাখার পরিকল্পনা করছে বিসিবি। নাজমুল হাসান বলেন, ‘টেস্ট ক্রিকেটারদের কীভাবে খেলার মধ্যে রাখা যায়, সে ব্যবস্থা আমরা করছি। আমরা এখনো ওয়ানডে ছাড়া অন্য দুই ফরম্যাটে ভালো দল হয়ে উঠিনি। ওয়ানডের পর আমরা টেস্টে বেশি নজর দিতে চাই। আমি আত্মবিশ্বাসী। কিছু নতুন খেলোয়াড় এসেছে। ভালো করছে। তাদের ধারাবাহিকতায় আনতে হবে।’


