ওয়াশিংটন:দেশের সিংহভাগ সংবাদমাধ্যম জো বাইডেনকে প্রেসিডেন্টের চেয়ারে বসিয়ে দিয়েছে। তবে মিশিগান প্রদেশের নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসতেই সুর নরম করে ফেললেন বিদায়ী প্রেসিডেন্ট। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু, এবার তাতে সম্মতি দিয়েছেন তিনি।
সোমবার সরকারিভাবে জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)-এর অ্যাডমিনিস্ট্রেটর এমিলি মারফি বাইডেনকে চিঠি লিখেছেন। তাতে তিনি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত। ট্যুইটারে বিদায়ী প্রেসিডেন্ট লেখেন, দেশে স্বার্থে এমিলি ও তাঁর টিমকে প্রক্রিয়া শুরু করার সুপারিশ করেছি। রাজনৈতিক মহলের মতে, প্রেসিডেন্ট নির্বাচনে কার্যত হার মেনে নিয়েছেন ট্রাম্প।
তবে তিনি হাল ছাড়ার পাত্র নন। তাই ক্ষমতা হস্তান্তর নিয়ে সুর নরম করলেও নির্বাচনে অনিয়ম ও কারচুপি সংক্রান্ত অভিযোগ নিয়ে এখনও কঠোর অবস্থান বজায় রেখেছেন ট্রাম্প। তাঁর সাফ কথা, লড়াই চলবে। আমার বিশ্বাস, আমরাই জয়ী হব।
নির্বাচনের চূড়ান্ত ফল সরকারিভাবে প্রকাশিত হয়নি। তবে বেসরকারিভাবে বাইডেনই যে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন, তা নিশ্চিত। পরিসংখ্যানও সেকথাই বলছে।
এদিকে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার জন্য ৬.৩ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করা হয়েছে। এর আগে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে মারফির কাছে সরকারি নথি ও কাগজপত্র চেয়েছিল বাইডেন শিবির। কিন্তু মারফি নথি দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। তবে মারফি জানিয়েছেন, কোনও সমালোচনা বা চাপের মুখে পড়ে তিনি বাইডেনকে প্রক্রিয়া শুরু করার জন্য ডাকেননি। ট্যুইট করে তিনি বলেন, হাতে পাওয়া বিভিন্ন তথ্য ও আইনের উপর ভিত্তি করে স্বাধীনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে, প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন মঙ্গলবার জানিয়েছেন, তিনি যেভাবে তাঁর প্রশাসন সাজাচ্ছেন, তাতে আমেরিকা আবার তার পুরনো গৌরব ফিরে পাবে।
