সন্ধান২৪.কমঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন ফুসফুসে খুব কম মাত্রার সংক্রমণ রয়েছে জানিয়েছেন । বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে খালেদা জিয়াকে সিটি স্ক্যান শেষে গুলশানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রফেসর ড. এস এম সিদ্দিকীর নেতৃত্বে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বিকালে তিনি ব্রিফিংয়ে বলেছিলেন, ওনার সিটিচেস্ট করানোর প্রয়োজন। নূন্যতম সময়ের মধ্যে আমরা পরীক্ষা করাবো। সে ধারাবাহিকতায়ই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ওনার সিটিচেস্ট পরীক্ষা করানো হলো।
মেডিক্যাল বোর্ডের সবারই জানার আগ্রহ ছিল, ওনার আসলে কি পরিমাণ সংক্রমণ হয়েছে। সে কারণেই নূন্যতম সময়ের মধ্যে হাই রেজ্যুলেশন সিটিচেস্ট করানো হলো। পরীক্ষার প্রাথমিক রিপোর্ট বলছে, অত্যন্ত কম মাত্রায় ওনার ফুসফুসে সংক্রমণ হয়েছে, চিকিৎসকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী চিকিৎসা দেওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।
তিনি আরও বলেন, ১২ থেকে ১৪ দিন পার হওয়ার আগে তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। তবে তাকে এখন থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। আল্লাহর অশেষ রহমতে, অন্যদের যে পরিমাণ লক্ষণ বা উপসর্গ থাকে, ওনার সেটা ছিলো না। অত্যন্ত কম মাত্রায় সংক্রমণ হয়েছে।


