সন্ধান২৪.কমঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনা প্রতিরোধের টিকা নিতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেছেন । তবে এখন পর্যন্ত তাকে টিকা নেয়ার তারিখ জানানো হয়নি।
সোমবার ( ১২ জুলাই) খালেদা জিয়ার চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়া মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেয়ার জন্য ৯ জুলাই ‘সুরক্ষা’ ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। নিবন্ধন ফরমে উল্লিখিত মুঠোফোন নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে টিকা দেয়ার তারিখ জানানো হয়। এখন পর্যন্ত ওই এসএমএস পাননি বেগম জিয়া।’
৭৫ বছর বয়সী খালেদা জিয়া এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু এবং দেশে করোনার ডেল্টা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেয়া হয়। বর্তমানে তিনি বাসায়ই আছেন।