গভর্নর প্রার্থী ক্যাথি হোকুলের সমর্থনে নিউইয়র্কে বাংলাদেশিদের ফান্ড রেইজিং

সন্ধান২৪.কমঃ সোমবার সন্ধ্যায় গুলশান টেরেস মিলনায়তনে নিউইয়র্কের গভর্নর প্রার্থী ক্যাথি হোকুলকে সমর্থন জানিয়ে প্রবাসী বাংলাদেশিরা ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করে।

আসছে নভেম্বরের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির এই স্টেট গভর্নর পদে পুনরায় লড়ছেন ক্যাথি হোকুল। বাংলাদেশিদের এই সমাবেশেও ৫০ হাজার ডলারের মত সংগৃহীত হয়েছে বলে আয়োজকরা জানান। ক্যাথি হোকুল হচ্ছেন নিউইয়র্কের ইতিহাসে প্রথম নারী গভর্নর। এই সমাবেশ সঞ্চালনা করেন নিউইয়র্ক সিটির মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান।


সমাবেশে বক্তব্যকালে নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল বলেন, অভিবাসীরা কঠোর পরিশ্রমী এবং নিউইয়র্কের উন্নয়নে অশেষ অবদান রাখছেন। বাংলাদেশিরাও ইতিমধ্যেই সমগ্র কম্যুনিটিতে নিজের অবস্থানকে উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন। তারা মেধাবি এবং নিষ্ঠাবান। তিনি বলেন,এই নিউইয়র্কে এখনও অনেক সমস্যা রয়েছে। আমি পুনরায় বিজয়ী হলে সেগুলোর সমাধানের চেষ্টা করবো। বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে যুগান্তকারি কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন,নিজের অধিকার-মর্যাদার স্বার্থে ব্যালট যুদ্ধে অবতীর্ণ হওয়া জরুরী। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ধর্ম ও জাতিগত বিদ্বেষী হামলা বন্ধের জন্যও নিবেদিতপ্রাণ ব্যক্তিগণকে বিজয়ী করা দরকার।
‘বাংলাদেশিজ ফর কাথি হোকুল’ ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন ক্যাসেল হিল মেডিকেল অব নিউইয়র্ক’র সিইও রাহাত মুক্তাদির, চিকিৎসক চৌধুরী এস হাসান,শাহ গ্রুপের কো-ফাউন্ডার ফৌজিয়া জে চৌধুরী গোল্ডেন এ্যাজ হোমকেয়ারের সিইও শাহনেওয়াজ, জালালাবাদ এসোসিয়েশনের সেক্রেটারি মইনুল ইসলাম, প্রিমিয়াম রেস্টুরেন্টের সিইও বাবু খান । বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ, পিরান ফ্যাশনের সিইও মোহাম্মদ আলম নমী, আমদানি প্রতিষ্ঠান ‘হক এ্যান্ড সন্স’র সিইও এ কে এম হক, নেট কেবল’র সিইও রহমান মালিক, ডিপলোমেট গ্রুপ ফ্যাশন ইনকের সিইও ফেড রকী, পিয়ার ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট পিয়ার মোহাম্মদ,ডেমক্র্যাটিক পার্টির নেতা মোর্শেদ আলম,সাপ্তাহিক আজকালের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, সিটি মেয়রের ডেপুটি কমিশনার দিলীপ চৌহান প্রমূখ।

Exit mobile version