সন্ধান২৪.কম : রবিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। তবে রক্তে অণুচক্রিকা কমছে, ইউরিয়াও বাড়ছে। বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো মর্বিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের জেরে পারিপার্শ্বিক সংক্রমণ শুরু হচ্ছে। তাঁর হৃদযন্ত্র, লিভার-সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখনও সচল।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শরীরে ‘সেকেন্ডারি ইনফেকশন’-এর আভাস মিলেছে। রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তাঁকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিক্যাল টিম।
অশীতিপর সৌমিত্র দু’ সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আবার সঙ্কটজনক হয়ে পড়েছে। সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা। এই পরিস্থিতিতে তাঁর চেতনার মাত্রা ক্রমশ নামছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


