গরমে ত্বকের যত্নের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। অন্য ঋতুগুলো থেকে ঘাম হয় বেশি। স্বাভাবিক কারণেই পানিশূন্যতা দেখা দেয়। ধীরে ধীরে ত্বক স্বাভাবিক ঔজ্জ্বল্য হারাতে থাকে। তবে গরমে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চাইলে ভরসা রাখতে পারেন নারকেল দুধের ওপর। এতে রয়েছে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের মতো একাধিক প্রয়োজনীয় পুষ্টির উপাদান।
ত্বকের আর্দ্রতাকে বজায় রাখার জন্য: গ্রীষ্মে ত্বক শুষ্ক হলে কোমল ও মসৃণ করতে ব্যবহার করতে পারেন নারকেলের দুধ। দুই চামচ নারকেলের দুধের সঙ্গে এক চামচ টক দই মিশিয়ে মিশ্রণটি সারা মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করে নিন। কিছুক্ষণ পর তুলা দিয়ে ফেসপ্যাক তুলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করতে পারেন। ত্বক হারানো আর্দ্রতা ফিরে পাবে।
ত্বক কোমল ও মসৃণ রাখে: গ্রীষ্মে ত্বক বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে একটি বাটিতে এক চামচ নারকেল দুধ এবং মিহি করে গুঁড়া করা ওটস মিশিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে মিনিট দশেক অপেক্ষা করুন। শুকিয়ে হালকা গরম পানিতে ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন এই মিশ্রণটি লাগালে ত্বকের ওপরে জমে থাকা মৃত কোষের স্তর উঠে যাবে এবং ত্বকের ভেতরে প্রদাহের মাত্রাও কমবে।
ত্বকের বয়স কমিয়ে রাখে: ত্বকের বয়স ধরে রাখতে নারকেল দুধের জুড়ি মেলা ভার। নারকেলের দুধের সঙ্গে চারটি কাঠবাদাম গুঁড়া এবং লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। গোসলের আগে এই মিশ্রণটি গলায় ও ঘাড়ে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন। সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করতে পারেন। এতে সুফল পাবেন।
ব্রণ কমায়: ত্বক খুব ব্রণ প্রবণ হলে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন নারকেলের দুধ। দুই চামচ হলুদ গুঁড়া ও নারকেলের দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। ব্রণ, ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সপ্তাহে ২-৩ দিন এই মিশ্রণটি ব্যবহার করুন। ব্রণ কমবে এবং ত্বকও যত্নে থাকবে।


