সন্ধান২৪.কম : গত রোববার সন্ধ্যা গড়াতেই খবরের শিরোনামে উঠে এলেন দেশের এক নম্বর নায়ক শাকিব খান। ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ দায়েরসহ ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান। গত বছর মুক্তি পাওয়া শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে দিলরুবার বহুল আলোচিত গান ‘পাগল মন’র মুখ্য কয়েকটি লাইন অনুমতি ছাড়া ব্যবহার করায় তিনি এ অভিযোগ দায়ের করেন। যদিও এর আগে আইনি নোটিশের মাধ্যমে শাকিবকে অবহিত করা হলে তাতে শাকিব সাড়া দেননি বলে জানান নব্বই দশকের শ্রোতাপ্রিয় এই গায়িকা।