এখন থেকে বাংলাদেশে গাভি জন্ম দেবে যমজ বাছুর

সন্ধান ২৪.কম : গাভি সাধারণত বছরে একটি বাছুরের জন্ম দেয়। তবে একই সময়ে একটি গাভি থেকে যমজ বাছুর অর্থ্যা ২টি বাছুর জন্ম দেওয়ার প্রযুক্তিতে সাফল্য পাওয়া গেছে। 

পাওয়ার দাবি করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। ইন ভিট্রো এমব্রায়ো প্রডাকশন বা আইভিইপি নামের এই প্রযুক্তি অচিরেই মাঠপর্যায়ে নিয়ে যাওয়ার আশা করছেন তাঁরা।

প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেব বলেন, ‘বাংলাদেশে এই প্রযুক্তি নতুন। প্রাথমিক সাফল্যের পর আমরা এটি মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করছি। সফল হলে এটি নিঃসন্দেহে দেশের গরুসম্পদের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।’

বিজ্ঞানীরা আশা করছেন, বাংলাদেশে ভালো মানের গাভির দুটি করে বাচ্চার প্রকল্প মাঠপর্যায়ে সফল হলে সেটি গবাদি পশু এবং এর মাধ্যমে গণমানুষের জীবনমানের আরো উন্নয়ন করা সম্ভব হবে।

গবেষকরা বলছেন, এই প্রযুক্তিতে বেশি দুধ দেয়, এমন গাভি থেকে ডিম্বাণু সংগ্রহ করে ল্যাবরেটরিতে নেওয়া হয়। সেখানে ডিম্বাণুকে পরিপক্ব করে ফার্টিলাইজ করানো হয়। এর ফলে যে ভ্রূণের জন্ম হয়, গবেষণাগারে সেখান থেকে দুটি করে ভ্রূণ ধাত্রী গাভিতে সংস্থাপন করা হয়।

ড. গৌতম কুমার দেব বলেন, ‘প্রাথমিকভাবে সফল হওয়ায় আমরা এখন ভালো মানের এনিম্যাল বাছাই করছি এবং এসব লাইভ এনিম্যাল থেকে ডিম্বাণু কালেকশনের কাজ করা হবে। আমরা আশা করছি, মাঠপর্যায়ে এটি সফল হবে এবং পরে তা আমরা ছড়িয়ে দিতে পারব। একটি সুস্থ ও ভালো মানের গাভির ডিম্বাণু দিয়ে অনেকগুলো গাভির গর্ভধারণ করানো সম্ভব হবে।’

 

Exit mobile version