সন্ধান২৪.কম : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একটি বাড়িতে গৃহবধূকে সংঘবদ্ধ দুর্বৃত্ত কর্তৃক বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সারা দেশে প্রতিবাদ- বিক্ষোভের ঝড় উঠেছে। নোয়াখালীসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদসভা হয়েছে। অনেক প্রতিবাদ সমাবেশ থেকে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী করা হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল করার ডাক দিয়েছে আন্দোলনকারীরা। সোমবার সন্ধ্যায় ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন।
নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন এবং দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘নোয়াখালী নারী অধিকার জোট’ ও ‘ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াখালী ইউনিট’ (এফপিএবি)।
৫ অক্টোবর বেলা সাড়ে ১১টায় জেলা শহর মাইজদীর মুজিব চত্বরে নোয়াখালী ‘নারী অধিকার জোট’ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ ও মাবনবন্ধন হয়। একই প্রতিবাদে ‘এফপিএবি’ নোয়াখালী শাখা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
মানববন্ধনে বক্তারা মানুষরূপী হায়েনাদের মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া আরডিএন (রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী), সুবর্ণচর ছাত্র ও যুব সমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
চট্টগ্রাম : নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাাতনসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের সচেতন নাগরিকরা। তাদের দাবি, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে।
৫ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই দাবি জানান। ‘সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সাংবাদিক প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সিতারা শামীম, সাংবাদিক আহমেদ মুনীর, সৌমেন ধর, চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, নারী শ্রমিক নেত্রী বাপ্পী দেব বর্মণ, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন, সাংবাদিক মহররম হোসাইন, লতিফা আনসারী রুনা, হিউম্যানিটি ফার্স্ট মুভমেন্টের মিলন রায় প্রমুখ।
ফেনী : সোমবার বিকালে শহরের ট্রাংক রোড় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র-যুব ঐক্য, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বক্তারা বলেন, দ্রুত এসব ধর্ষণের ঘটনার বিচার করা না গেলে বাংলাদেশ ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হবে।
কুমিল্লা : সোমবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর কান্দিপাড় টাউনহল গেটে ছোট ছোট ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে দেশে মহামারিতে রূপ নেওয়া ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন কুমিল্লার কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের কুমিল্লা শাখা।
ব্রাহ্মণবাড়িয়া : নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে ‘ব্রাহ্মণবাড়িয়া সচেতন যুবকবৃন্দ’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বগুড়া : বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং দেশে অব্যাহত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।