‘গৃহবন্দী’ খালেদা জিয়ার সম্পূর্ণ মুক্তি চাই: রিজভী

সন্ধান২৪.কম : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকালে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার ওপর জুলুমের যেন শেষ হচ্ছে না। তিনি এখন বাসায় থাকলেও প্রকৃতপক্ষে মুক্ত নন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- উনার সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত হলে তো তার ওপর বিধিনিষেধ থাকার কথা নয়। সরকার দেশনেত্রীকে ভয় পায়। কারণ তিনি সম্পূর্ণ মুক্ত থাকলে সরকারের লাগামহীন লুটপাট-অপকর্মের বিপত্তি ঘটবে। সেজন্য তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তার গৃহ অন্তরীণ অবস্থার অবসান চাই, সম্পূর্ণ মুক্তি চাই।

রিজভী বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এখানে ডাক্তার যারা আছেন, তারা বলছেন যে তার উন্নত চিকিৎসা দরকার। কিন্তু সরকার নানা শর্তের বেড়াজাল তৈরি করেছে; যাতে তিনি তার ইচ্ছামতো চিকিৎসা নিতে না পারেন। বিএনপি চেয়ারপারসনের স্বাধীনভাবে দেশে-বিদেশে যেখানে ইচ্ছা চিকিৎসাগ্রহণের ক্ষেত্রে সব বাধা অপসারণের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

ক্ষমতাসীনদের হুশিয়ার করে বিএনপির এই নেতা বলেন, জনগণের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই। সরকার নিজের গর্ত নিজেই খুঁড়ছে। তারা বেশিদিন টিকে থাকবে না। পৃথিবীতে কোনো ফ্যাসিবাদ টিকে থাকেনি। এই নির্দয় ফ্যাসিবাদী সরকারও টিকবে না। জবরদস্তি করে জনগণের ঘাড়ে চেপে বসে থাকার দিন শেষ হবে অচিরেই। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

 

Exit mobile version