আজ থেকে ৫০ বছর আগে যে দেশটির সহায়তার জন্য নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ কনসার্ট আবারও সেই একই স্থানে আগামী ৬ মে স্বল্পোন্নত ও দরিদ্র দেশের শিশুদের সাইবার নিরাপত্তা সহায়তায় ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ করতে যাচ্ছে আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
এই কনসার্টে যোগ দিচ্ছে জার্মানির বিশ্ববিখ্যাত ব্যান্ড স্কর্পিয়ন্স ও বাংলাদেশের চিরকুট। ইতোমধ্যে ৪ এপ্রিল থেকে অনলাইনে কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়েছে। আইসিটি বিভাগের উদ্যোগে ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কর্পিয়ন্সের পোস্টেও পর চারিদিকে হৈ চৈ পড়ে গেছে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটও ফেইসবুকে পোস্টে নিউইয়র্কে কনসার্ট করার কথা জানিয়েছে।
গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট নিয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। প্রবাসীরা অনলাইনে বিভিন্ন ওয়েব সাইট থেকে টিকেট সংগ্রহ করছেন। আয়োজকরা জানিয়েছে, কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে টিকেট মাস্টার ডটকমে।
ঢাকায় সংবাদ সম্মেলনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ত কুমার ঘোষসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সরদার মো, আসাদুজ্জামান, সিটিব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ মারুফ ও আইসিটি বিভাগের রুটিন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব খায়রুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ বাংলাদেশ এখন পরিপূর্ণ ঝুড়িতে পরিণত হয়েছে। ৫০ বছর আগে, রবিশঙ্কর-হ্যারিসন ও ইউনিসেফ আমাদের জন্য যে ত্যাগ করেছে; তাদের সেই অবদানকে স্বীকার করে সারা বিশ্বের এই সময়ের যে সঙ্কট ও সমস্যা সেগুলোকে মোকাবেলা করে আমরা বর্তমান ডিজিটাল বাংলাদেশকে দেখাতে চাই।
তিনি জানান, গত ৫ বছরে দেশের আইসিটি খাতে বিনিয়োগ এসেছে ৫০০ মিলিয়ন ডলার। দেশে ২ হাজার ৫০০ স্টার্টআপ কাজ করছে। বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রফতানি করছে।
অনুষ্ঠানে আয়োজন সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতীক চৌধুরী। অনুষ্ঠান শেষে ‘গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন সম্পন্ন করতে সহ-আয়োজক ইউএনডিপি, ওয়ালটন, সিটিব্যাংক, ইউনাইটেড গ্রুপ, বিকাশ, দারাজ, এডিএন টেলিকম, আবুল খায়ের গ্রুপ এবং সাইবারটিনস এর সঙ্গে হাইটকপার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে মিডিয়া পার্টনার হিসেবে নিউইয়র্ক ভিত্তিক চ্যানেল আইবিটিভির সাথে চুক্তি হয়।
আয়োজনরা জানিয়েছেন, ৬ মে শুক্রবার সন্ধ্যা ৮টায় কনসার্ট শুরু হবে। এর কয়েক ঘণ্টা আগে খুলে দেওয়া হবে মেডিসন স্কয়ার গার্ডেনের প্রবেশ পথ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্ববাসীর সমর্থন অর্জন ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে অনুষ্ঠিত হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। বিখ্যাত সেতার শিল্পী পন্ডিত রবিশঙ্কর এবং তার বন্ধু জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজিত কনসার্টে উপস্থিত ছিল ৪০ হাজার দর্শক-শ্রোতা।
কনসার্টে অংশ নেয়া বিশ্ববিখ্যাত সংগীত শিল্পীদের মধ্যে ছিলেন জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, পন্ডিত রবিশঙ্কর, বিলি প্রিস্টান, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার। মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলায় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কনসার্ট থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।


